Views Bangladesh Logo

প্রথম দাপ্তরিক কর্মদিবসে বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর গত রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ