Views Bangladesh Logo

এসিড সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা

ফসফরিক এসিড সংকটে টানা ২০ দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় গত ২৮ জুন সকাল ৮টা থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রয়েছে। কৃষি খাতে ব্যবহৃত ডিএপি সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকলে ভবিষ্যতে সার সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারখানা সূত্র জানায়, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক এসিড আমদানির জন্য চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ২০ হাজার টন এসিড সরবরাহের জন্য ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করে। এতে কার্যাদেশ পায় মেসার্স আর কে এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী জুন মাসের মধ্যেই কাঁচামাল সরবরাহ করার কথা ছিল।

তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় জর্ডানসহ বিভিন্ন উৎস থেকে ফসফরিক এসিড আমদানি সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে কাঁচামাল না পাওয়ায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কাঁচামাল সংকট সমাধানে বিসিআইসি গত ৮ জুন ও ২৩ জুন নতুন করে দুটি দরপত্র আহ্বান করলেও কোনো প্রতিষ্ঠান এতে অংশ নেয়নি। পরে আবার দুটি নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যার একটি আগামী ৮ আগস্ট এবং অন্যটি ৯ সেপ্টেম্বর খোলা হবে।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক বলেন, কারখানা চালু রাখতে প্রতিদিন প্রায় ৬০০ টন ফসফরিক এসিড প্রয়োজন হয়। কারখানায় ২০ হাজার মেট্রিক টন এসিড সংরক্ষণের সক্ষমতা থাকলেও মজুত শেষ হয়ে যাওয়ায় ২৮ জুন থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে মেসার্স আর কে এন্টারপ্রাইজ কাঁচামাল সরবরাহ করতে পারেনি। তবে তাদের সঙ্গে চুক্তি এখনো বাতিল হয়নি। ফসফরিক এসিড সরবরাহ শুরু হলে আবার উৎপাদন চালু করা হবে।’

কারখানার প্রশাসনিক কার্যক্রম অবশ্য স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ