Views Bangladesh Logo

‘হত্যার পর ঘুম দিয়ে উঠে মরদেহ টুকরো করে গুম’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমসের সিপাহী আবু রায়হান তালুকদারকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা মো. রাজু ও তার বন্ধু মো. জিতুল। হত্যার প্রায় এক মাস পর মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল বুধবার এসব তথ্য জানান। পুলিশ বলছে, গ্রেপ্তার রাজু জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, টাকা নিয়ে তর্কের জেরে গত ২৪ জুলাই রাতে রায়হানকে হত্যা করেন রাজু। হত্যার পর তিনি ওই বাড়িতেই ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে মরদেহ টুকরো করেন। পরে সেগুলো চারটি ট্রাভেল ব্যাগে ভরে তার বন্ধু জিতুলকে খবর দেন। এরপর দুজন মিলে ব্যাগগুলো বাড়ির পাশের জঙ্গলে ফেলে দেন।

নিহত আবু রায়হান তালুকদার (৪৫) ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি রাজধানীর কমলাপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দপ্তরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, সোয়াইতপুর গ্রামে পাশাপাশি বাড়িতে থাকতেন রায়হান ও তার বড় ভাই নুরুল ইসলাম। রায়হানের বাড়িটি সাধারণত খালি থাকত। তিনি ঢাকা থেকে বাড়িতে এলে সেখানে রাতে থাকতেন। বাড়িটির দেখাশোনার দায়িত্বে ছিলেন রাজু।

নিহতের ভাই নুরুল ইসলাম জানান, গত ২৩ জুলাই রাতে রায়হান বাড়িতে আসেন। দুই দিন পর ঢাকায় কর্মস্থলে ফেরার কথা ছিল তার। কিন্তু ২৬ জুলাই নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় সহকর্মীরা বাড়িতে ফোন করে খোঁজ নেন। তখন স্বজনরা বুঝতে পারেন, রায়হান নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরদিন নুরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ২ আগস্ট আশপাশে খোঁজাখুঁজির সময় বাড়ির পাশের জঙ্গলে চারটি ট্রাভেল ব্যাগ পায় পুলিশ। ব্যাগগুলো খুলে মানবদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা সেগুলো রায়হানের বলে শনাক্ত করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সাধারণ ডায়েরি করার পর থেকে রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে তাদের আসামি করে ৪ আগস্ট ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রাজু হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গল থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি, চাকু, লোহার রড, রক্তমাখা পাঞ্জাবিসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল জানান, হত্যার কারণ ও ঘটনার অন্যান্য বিষয় বিস্তারিতভাবে জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ