Views Bangladesh Logo

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আবদুল লতিফ ভূঁইয়া (৪৫) গণপিটুনি ও কুপিয়ে হত্যার শিকার হয়েছেন। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ ভূঁইয়া স্থানীয়ভাবে আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মোহাম্মদ মনিরুল হক।

পুলিশ জানায়, লতিফ ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি মৎস্য প্রকল্পের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামের যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা নিহত হন। ওই মামলায় আসামি ছিলেন লতিফ ভূঁইয়া।

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পর সোমবার রাতে তিনি জহিরুলের জ্যাঠাতো ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন।

এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ