১৮ ঘণ্টায় দেশজুড়ে দুর্ঘটনায় নিহত ২৩
গত ১৮ ঘন্টায় দেশজুড়ে সড়ক, রেল ও বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেল থেকে রোববার (২২ মার্চ) সকাল পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর, নড়াইল ও ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
২১ মার্চ কুমিল্লার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামগামী ট্রেনের সঙ্গে ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। বাসটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।
এদিকে রোববার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান আরও ৩ জন।
রোববার (২২ মার্চ) সকালে হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হন। ঢাকাগামী আসবাবপত্রবোঝাই পিকআপটি অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা যান জুলফিকার নামের এক প্রকৌশলী।
এছাড়া নড়াইল, ঝিনাইদহ ও নাটোরের পৃথক দুর্ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক, আলমসাধু থেকে পড়ে মারা যান এক কিশোর এবং ট্রাকের বাম্পার থেকে ছিটকে পড়ে প্রাণ যায় এক হেলপারের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে