আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক
অর্থপাচারসহ নানা দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত চলাকালে তিনি বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুদকের দায়িত্বশীল এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের ওই কর্মকর্তা জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের অনুসন্ধান চলছে। আশঙ্কা করা হচ্ছে, অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন। তিনি বিদেশে পাড়ি জমালে পুরো তদন্তপ্রক্রিয়া ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আবেদন করা হবে।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিলাসবহুল সম্পদ কেনা ও ব্যবসায় খাটাতে এই অর্থ পাচার করা হয়েছে বলে প্রাথমিক অভিযোগে উঠে এসেছে।
অর্থপাচারের পাশাপাশি সরকারি পদে নিয়োগ ও বদলি বাণিজ্য, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ এবং আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে এসব তথ্যের সত্যতা যাচাই, প্রয়োজনীয় নথি সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাইয়ের কাজ চলছে।
তবে দুদক কর্মকর্তারা স্পষ্ট করেছেন, বিষয়গুলো এখন পর্যন্ত অভিযোগ পর্যায়ে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগগুলো আমলে নিয়েই কমিশন আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান শুরু করেছে।
মতামত দিন