Views Bangladesh Logo

দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পাঠানো নোটিশ অনুযায়ী, আগামী সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে বক্তব্য দিতে হবে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। নোটিশে তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপিসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও দুদক আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি, তবে বাসসের দায়িত্বে থাকার সময় নিজের মালিকানাধীন একটি গাড়ি অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাসসে ভাড়া দেওয়ার অভিযোগ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে বাসসের প্রধান সম্পাদকের দাপ্তরিক ব্যবহারের জন্য একটি গাড়ি ভাড়া নেওয়া হয়। ‘রেন্ট-এ-কার সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করা টয়োটা এলিয়ন মডেলের ওই গাড়িটির প্রকৃত মালিক ছিলেন মাহবুব মোর্শেদ নিজেই। গাড়িটির জন্য জ্বালানি, চালক ও অন্যান্য ব্যয়সহ মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫০ হাজার টাকা।

নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ওই গাড়ির ভাড়া বাবদ মোট ৩ লাখ টাকা পরিশোধ করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল কাদের মীনা দাবি করেন, গাড়ি ভাড়ার পুরো অর্থ মাহবুব মোর্শেদ পেয়েছেন এবং তিনি নিজে কোনো কমিশন নেননি।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেয়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকার পরিবর্তনের পর বাসসে কর্মীদের বিক্ষোভের মুখে তিনি কার্যত দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান।

এরপর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও সেটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সবশেষ চলতি বছরের ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ