Views Bangladesh Logo

শেখ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকসহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রয়েছে ৫৯ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এরমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ (জয়), শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যের বিরুদ্ধে।

আর শেখ হাসিনা ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজা এর ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় প্রকল্পে তাদের দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগনি টিউলিপ সিদ্দিক।

গত ১৫ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল।

এর আগে ৩ সেপ্টেম্বর এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ