Views Bangladesh Logo

বেনজীরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাল দুদক

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠায়।

দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রয়োজনীয় নথি প্রস্তুত করে অনুরোধপত্রটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।'

অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুরোধপত্রে বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলার তথ্য ও প্রমাণাদি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে, পরে কূটনৈতিক মাধ্যমে তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পৌঁছাবে।

এদিকে বেনজীরকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে মঙ্গলবার ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার দুজন প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তারা চলমান মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের আদেশ ও অন্যান্য নথিপত্রের বিষয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নথি গ্রহণ করেন।

বন্দি প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর অধীনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান দুদক কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ