জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি আবাসন প্রকল্পে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাসভবনে তল্লাশি অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করা হচ্ছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ১৬ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জিয়াউল আহসান অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। চাকরিচ্যুত হওয়ার পূর্বে তিনি টেলিযোগাযোগ নজরদারির জাতীয় প্রতিষ্ঠান 'ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার' (এনটিএমসি)-এর মহাপরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মতামত দিন