হার্টের রিংয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্যে হার্টের রিং বা করোনারি স্টেন্ট বিক্রি না করে অতিরিক্ত দামে রোগীদের কাছে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
রোববার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।
দুদক সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা দেওয়ার ক্ষেত্রে হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে—এমন কয়েকজন রোগীর তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। এসব নথিতে স্টেন্টের মূল্য, রোগীদের কাছ থেকে আদায় করা অর্থ এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
এ ছাড়া হাসপাতালে ভর্তি থাকা হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। তাদের কাছ থেকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য নেওয়া হচ্ছে।
দুদক জানিয়েছে, অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে তা কমিশনের কাছে দাখিল করা হবে।
মতামত দিন