Views Bangladesh Logo

স্বেচ্ছায় দেশে না ফিরলে শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেবে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে দুর্নীতির মামলাগুলোর মুখোমুখি না হলে তাকে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এ কথা বলেন।

তিনি বলেন, দুদক আশা করে শেখ হাসিনা দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করবেন। তিনি স্বেচ্ছায় ফিরে না এলে তাকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

দুদক সচিব বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ ধরনের উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণসহ আদালতে আবেদন জানানো হবে। গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।

সাইদুর রহমান বলেন, দুদকের কাছে ব্যক্তি বড় বিষয় নয়; সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ হওয়া উচিত।

এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার এক মুখপাত্র। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও মামলা শুরু করে দুদক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ