Views Bangladesh Logo

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি, বেআইনি কাজ করিয়ে দিতে ঘুষ গ্রহণ ও অর্থপাচারের মতো অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বিদেশে অর্থপাচার, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও দুদকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ড গঠনেও আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। পাশাপাশি সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে তিনি বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন—এমন অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

দুদকের গঠিত বিশেষ দল এসব অভিযোগের সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অভিযোগে উল্লিখিত অনিয়মের সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ