Views Bangladesh Logo

পুলিশ কর্মকর্তা মনিরুলকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদ ও আয়ের হিসাবে গরমিল পাওয়ার অভিযোগে পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে দুজনের নামে প্রায় ৩ কোটি টাকার সম্পদ ও ব্যয়ের সঙ্গে গ্রহণযোগ্য আয়ের অসংগতি পাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক পিয়াস পালের দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, মনিরুল ইসলামের নামে মোট ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২২৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৬৩ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৪৭৫ টাকা।

এ ছাড়া তার পারিবারিক ব্যয় ও জীবনযাত্রার ব্যয় হিসেবে ৪০ লাখ ৭৮ হাজার ১২৮ টাকার হিসাব পাওয়া গেছে। ফলে সম্পদ ও ব্যয়সহ তার অর্জিত ও ভোগ করা মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৩৫৩ টাকা।

তবে অনুসন্ধানে মনিরুল ইসলামের গ্রহণযোগ্য বা বৈধ আয় পাওয়া গেছে ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৯৮০ টাকা। সেই হিসাবে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৫ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকা বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

অন্যদিকে মনিরুল ইসলামের স্ত্রী জাকিয়া পারভীনের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে স্থাবর সম্পদ ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা এবং অস্থাবর সম্পদ ২৭ লাখ ৮০ হাজার টাকা।

জাকিয়া পারভীনের পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে আরও ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকার হিসাব পাওয়া গেছে। ফলে সম্পদ ও ব্যয়সহ তার মোট অর্জিত ও ভোগ করা সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ লাখ ২৬ হাজার টাকা। এর বিপরীতে তার বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকার।

দুদকের অনুসন্ধানে তার সম্পদ ও ব্যয়ের সঙ্গে গ্রহণযোগ্য আয়ের ৩২ লাখ ৮৬ হাজার টাকার অসংগতি পাওয়া গেছে। সংস্থাটির হিসাবে এই অর্থ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ অবস্থায় মনিরুল ইসলাম ও জাকিয়া পারভীনের অর্জিত সম্পদ, পারিবারিক জীবনযাত্রার ব্যয় এবং গ্রহণযোগ্য আয়ের উৎস আরও যাচাই করতে পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ