সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি: ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস দুই ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার ঢিলা থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।
তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। তবে তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিংয়ের কাজ তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। জাহিদুর রহিমের প্রতিষ্ঠানটি ওই সময় সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ করেছিল। এ ছাড়া তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগও দুদকে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে