৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা করল দুদক
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে ৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান।
ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া চৌধুরী (৪৯) ও ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মাওলাসহ অন্যদের এ মামলায় আসামি করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুসায়াদাত এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২ অক্টোবর গ্রাহকের নামে বিদ্যমান অসমন্বিত ২২টি ডিলের মূল দায় ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকা। আসামিরা ব্যাংকের বা আমানতকারীদের আর্থিক ক্ষতি করেছেন। তারা আত্মসাৎসহ প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য আত্মসাৎ করা অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করে অপরাধ করেছেন। ইসলামী ব্যাংকের নগরের জুবলী রোড শাখায় এ ঘটনা ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে