বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'অ্যাকাডেমিক শাটডাউন' ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদোন্নতি, আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে আগামী ২২ এপ্রিল থেকে পূর্ণাঙ্গ 'অ্যাকাডেমিক শাটডাউন' ঘোষণা করেছে শিক্ষক সমাজ। এর আগে ২১ এপ্রিল দিনভর কর্মবিরতি পালন করা হবে।
সোমবার (২০ এপ্রিল) শিক্ষক সমাজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে জানানো হয়, দাবি আদায় না হলে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকবেন।
এর আগে, একই দাবিতে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ২৪ ঘণ্টার আমরণ অনশন পালন করেন। সোমবার সন্ধ্যা ৭টায় শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে তিনি অনশন ভঙ্গ করেন।
প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, উপাচার্য বিভিন্ন সময়ে পদোন্নতির বিষয়ে নানা বক্তব্য দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া শিক্ষকরা অনেক আগেই পদোন্নতি পেলেও বরিশাল বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি অনুযায়ী সিলেকশন বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইউজিসি থেকে অভিন্ন নীতিমালা অনুসরণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়। তিনি জানান, তারা ইউজিসির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ইউজিসি চেয়ারম্যানের সাথেও একাধিক সভা করেছেন। দ্রুতই বিষয়টি সমাধানের আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষক সমাজের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে সিন্ডিকেট অনুমোদিত বিধি মোতাবেক পদোন্নতি কার্যক্রম চলে আসলেও সাম্প্রতিক ইউজিসি নির্দেশনার কারণে এই প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে