আবু সাঈদ হত্যা মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের হত্যার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একইসঙ্গে আগামী ১৫ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) আইসিটির চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের বাকী দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে এই মামলার চার আসামি সাবেক উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে হাজির করা হয়।
এর আগে গত ২ মার্চ আবু সাইদ হত্যার ঘটনায় এই চারজনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন ৯ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়। কিন্তু তদন্ত সংস্থা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়, বরং তারা অতিরিক্ত দুই মাস সময় চায়। ট্রাইব্যুনাল সেই অনুরোধ মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।
এ ঘটনায় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া এ ঘটনায় উস্কানি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে