Views Bangladesh Logo

কাপ্তাই হ্রদে অস্বাভাবিক পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো সব জলকপাট

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার ঘনফুট পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জলকপাট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

এর আগে শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল ছিল বলে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় বাঁধের ওপর চাপ কমাতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময় প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জলকপাট দিয়ে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বসবাসকারী মানুষের সতর্ক থাকা প্রয়োজন।

কাপ্তাই বাঁধের জলকপাট খোলার প্রভাব বিবেচনায় কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত মাসেও হ্রদের পানি বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ