Views Bangladesh Logo

মেলায় সাড়া ফেলেছে অধ্যাপক আব্দুর রাজ্জাকের ‘ভারতের রাজনৈতিক দল’

মর একুশে বইমেলা-২০২৫-এ এখন পর্যন্ত বিক্রির শীর্ষে যেসব বই রয়েছে তার মধ্যে অন্যতম অধ্যাপক আব্দুর রাজ্জাকের লেখা ‘ভারতের রাজনৈতিক দল’। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ এস এম শামীম ভিউজ বাংলাদেশকে জানান, ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে বইটি। মেলার সপ্তম দিনে দেড়শ কপির মতো বিক্রি হয়েছে। একুশে মেলার আগে পে-অর্ডারেও ভালো চাহিদা ছিল।

বইটি সম্পর্কে জানা যায়, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পিএইচডি অভিসন্দর্ভ ‘পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া’-এর বাংলা অনুবাদ ‘ভারতের রাজনৈতিক দল’। ঔপনিবেশিক আমলে উপমহাদেশে রাষ্ট্রক্ষমতা কীভাবে চর্চিত হতো এবং হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব ও ফলাফল সন্ধান অধ্যাপক রাজ্জাকের অন্যতম আগ্রহের জায়গা।

অধ্যাপক রাজ্জাক এই গ্রন্থে ঔপনিবেশিক ইতিহাসকে যে প্রেক্ষাপট থেকে দেখেছেন তা একইসঙ্গে ছিল অভিনব ও যুগান্তকারী। ঔপনিবেশিক আমলাতন্ত্র প্রায় স্বতন্ত্র সত্ত্বা হিসেবে ভূমিকা রেখে পরাধীন ভারতবর্ষের রাজনীতির গতিপথ যে নির্ধারণ করে দিয়েছে তা অধ্যাপক রাজ্জাকই এ গ্রন্থে সম্ভবত প্রথম পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করেছেন। শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়ের মনের বিকাশ ও রাজনৈতিক ভূমিকার বিষয়ে অধ্যাপক রাজ্জাকের বিশ্লেষণ পরবর্তীকালের চিন্তাবিদদের ওপর বিপুল প্রভাব রেখেছে। ঔপনিবেশিক আইনি কাঠামোর ভেতরে রাজনৈতিক দলগুলোর জন্ম ও বেড়ে ওঠার বাস্তবতা অধ্যাপক রাজ্জাক যেভাবে দেখিয়েছেন সেটাও আমাদের ইতিহাসকে নতুনভাবে মূল্যায়নে বাধ্য করবে।

উপমহাদেশের ঔপনিবেশিক আমল কতভাবে আমাদের বর্তমানকেও প্রভাবিত করছে, সেই উপলব্ধিটি গভীরতর হবে এই গ্রন্থটি পাঠে। এ কারণেই গবেষণাটি সম্পন্ন হওয়ার প্রায় পঁচাত্তর বছর পর গ্রন্থাকারে ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশ পেলেও এর তাৎপর্য মলিন হয়নি একদমই, বরং এ গ্রন্থটি আজও অজস্র নতুন চিন্তাসূত্র উন্মোচন করতে সক্ষম।

অধ্যাপক রাজ্জাক (১৯১৪-২৮ নভেম্বর ১৯৯৯) গভীরমাত্রায় তার সমসাময়িক ও পরবর্তীকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছেন। নিমগ্ন অনুসন্ধানী ও ধ্যানী অধ্যাপক আব্দুর রাজ্জাকের ভারতের রাজনৈতিক দল গ্রন্থটি থেকে সেই ছাপ কোথায় কোথায় এবং কোন মাত্রায় উপস্থিত, সেটা যেমন পাঠক বারংবার অনুভব করবেন, তেমনি আজকের রাজনীতি, প্রশাসন ও আমলাতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং সমাজসম্পর্ক বিষয়ে উৎসুক গবেষক ও পাঠক পাবেন নতুনতর দিগন্তের হদিস।

বইটি সম্পাদনা করেছেন আহরার আহমদ, অনুবাদ সম্পাদনা করেছেন মোহাম্মদ আজম। অনুবাদ: রওশন জামিল চৌধুরী, হাসান আল জায়েদ, মূল্য: ৫৬০ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ