Views Bangladesh Logo

সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে তিনি নগরভবনে উপস্থিত হয়ে সদ্যবিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন আরও বেগবান করা হবে। একই সঙ্গে নাগরিকরা যাতে দ্রুত সময়ে সেবা পান, সে বিষয়ে জোর দেওয়া হবে। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিসিকসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। পরদিন মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কাইয়ুম চৌধুরীসহ অন্য প্রশাসকরা দায়িত্ব বুঝে নেন।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও সিসিকের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক ও আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে দেশ, জাতি ও সিলেটবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেলেও জেলার সবকটি আসনে ধানের শীষের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ