লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের চুক্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা আব্দুল মুহিত বর্তমানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়গুলোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বও পালন করেছেন মুহিত। অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৫ সালের আগস্ট থেকে পাঁচ বছর ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন মুহিত। এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।
দীর্ঘ কূটনৈতিক জীবনে কুয়েত, রোম ও দোহায় বাংলাদেশের মিশনেও দায়িত্ব পালন করেছেন আব্দুল মুহিত।
নতুন দায়িত্বের জন্য জারি করা প্রজ্ঞাপনে তার অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে তার দায়িত্বের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লন্ডনে হাইকমিশনার হিসেবে আব্দুল মুহিতের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মুহিত। পরে কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেন।
মতামত দিন