ওয়ারেন্ট না থাকায় আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, 'যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'
এর আগে, চিকিৎসা শেষে রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে বিমান থেকে নেমে ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর রাত তিনটার দিকে তিনি নিজ জেলার কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন।
গত ৮ মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন আবদুল হামিদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে