Views Bangladesh Logo

গোলাগুলির পর অপহরণ, নির্যাতনে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনার পর অপহরণ করে নির্যাতনের মাধ্যমে নুর হাসান (২৫) প্রকাশ ‘বাইনা’ নামে এক রোহিঙ্গা যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নুরালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর হাসান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর আই/৯ ব্লকের বাসিন্দা এবং মোস্তফা কামালের ছেলে। তার এফসিএন নম্বর ২৫৩৬১৬।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় বাঙালি হোসেন গ্রুপের সদস্যরা কথিত ডাকাত খালেক গ্রুপের সক্রিয় সদস্য নুর হাসানকে জোরপূর্বক আটক করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরবর্তীতে হোসেন গ্রুপের সদস্যরা নুর হাসানকে মারধর করে। শরীরের বিভিন্ন স্থানে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে তাকে ক্যাম্পের কাঁটাতারের বাইরে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত রাত ৯ টার দিকে টেকনাফ থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সহায়তায় লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ অবস্থিত আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত দুটি মামলা রয়েছে।

নিহতের বাবা মোস্তফা কামালের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে অপহরণ করে খুন করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ