Views Bangladesh Logo

মহেশখালীর দুর্গম পাহাড় থেকে অপহৃত ৪ বছরের শিশুকে উদ্ধার

মহেশখালীতে অপহৃত চার বছরের শিশু আলভী হোসেনকে উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। নিখোঁজের পর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির নাম আলভী হোসেন।

রোববার (৭ জুন) বিকালে ঘটনার চারদিন দিন পর উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমারের নেতৃত্বে একটি পুলিশ টিম। অপহৃত শিশু আলভী হোসেন কক্সবাজার শহরের জেলগেইট এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের ঘটনার তথ্য পাওয়ার পর এসআই উত্তম কুমারের নেতৃত্বে একটি বিশেষ টিম মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্য সংগ্রহ, সম্ভাব্য অবস্থান শনাক্তকরণ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে শিশুটিকে বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গ পাড়ার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাতে শিশুটির কোনো ধরনের ক্ষতি না হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চকরিয়া উপজেলার বাসিন্দা রুপবানু নামের এক নারীকে অপহরণকারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পাশাপাশি অপহরণের পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিশুটিকে উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টার কারণেই তাদের সন্তানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া সম্ভব হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মহেশখালী থানার এ সফল অভিযান শুধু একটি শিশুকে উদ্ধার করার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এমন কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্ধারকারী অফিসার এসআই উত্তম কুমার জানান, জনগনের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য শিশুটিকে উদ্ধার করে পিতা-মাতার কাছে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত।

অপরাধের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ