বিয়ে করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান, দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের দল।
আমির খানের মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে আমিরের বড় ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান এবং ছোট ছেলে আজাদ রাও খান উপস্থিত ছিলেন। এছাড়া ‘লগান’ চলচ্চিত্রের পরিচালক আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামসহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন অতিথি অনুষ্ঠানে যোগ দেন।
আগেই আমির জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে নিবন্ধিত বিয়ে করবেন এবং পরে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট পরিসরে উদ্যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন হয়েছে।
আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। তবে সে সময় তাদের সম্পর্ক এগোয়নি। ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় তাদের। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন। পরে গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং নিজের আগের সংসারের সন্তানকে নিয়ে আমিরের সঙ্গে বসবাস শুরু করেন।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির খান। সে সময় তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি শান্ত ও পরিপূর্ণ মনে হচ্ছে। যদিও তখন নতুন করে বিয়ের পরিকল্পনা নেই বলেই জানিয়েছিলেন, পরে সেই সিদ্ধান্ত বদলে গত মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন।
বর্তমানে গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের প্রশাসনিক ও পরিকল্পনামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে ছেলে জুনায়েদ ও মেয়ে ইরার জন্ম হয়। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হলেও সন্তানদের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন তারা। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও কিরণ রাও ও আমির খান এখনো ব্যক্তিগত ও পেশাগতভাবে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন কাজে একসঙ্গে যুক্ত রয়েছেন।
মতামত দিন