Views Bangladesh Logo

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

জীবনের নতুন অধ্যায় শুরুর ঘোষণা দিলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। মুম্বাইয়ে নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া আয়োজনে সারা হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই জানান সুখবরটি।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে আমির বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট ও পারিবারিক একটি আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়ে বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’

নতুন জীবন নিয়ে উচ্ছ্বাসও ঝরেছে তার কণ্ঠে। ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, ‘দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। আমাদের নতুন পথচলার জন্য সবাই দোয়া করবেন।’

আমির যখন সাংবাদিকদের কাছে বিয়ের খবরটি ভাগ করে নিচ্ছিলেন, তখন পাশেই ছিলেন তার বড় ছেলে জুনায়েদ খান। বাবার ঘোষণা শোনার সময় তাকে দেখা যায় হাসিমুখে।

গৌরীর সঙ্গে সম্পর্কের কথা আমির প্রথম প্রকাশ্যে আনেন গত বছরের মার্চে, নিজের ৬০তম জন্মদিনে। সে সময় সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয়ও করিয়ে দেন তিনি। আমির জানিয়েছিলেন, তাদের পরিচয় প্রায় ২৫ বছরের; দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ১৬ বছরের সংসার শেষে ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। এই দম্পতির দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির। প্রায় ১৫ বছরের দাম্পত্যের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। তবে একমাত্র ছেলে আজাদ রাও খানের সহ-অভিভাবক হিসেবে এখনো যৌথভাবে দায়িত্ব পালন করছেন দুজনই।
দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ককে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চলেছেন আমির। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একান্ত পারিবারিক সেই আয়োজনেই শুরু হবে তার জীবনের নতুন পথচলা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ