Views Bangladesh Logo

তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খানের সিলমোহর

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। দীর্ঘদিন ধরে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর এবার তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই জুটি।

খবরে জানা গেছে, ৬১ বছর বয়সী আমির এবং ৪৭ বছর বয়সী গৌরী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিবন্ধনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে এবং অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে আমিরের নিজ বাসভবনে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। অনুষ্ঠানটি হবে একান্ত ব্যক্তিগত, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি থাকবে। অতিথি তালিকা প্রকাশ না হলেও বলিউড অঙ্গনে আলোচনা রয়েছে, আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি গৌরীর প্রতি নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে তিনি জীবনের আশীর্বাদ মনে করেন এবং তাঁর সঙ্গে থাকলে মানসিক শান্তি খুঁজে পান।

গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে, যার নাম কুইন। তার পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর এবার যদি বিয়ের খবর সত্যি হয়, তবে এটি হবে আমির খানের জীবনের তৃতীয় অধ্যায়ের নতুন সূচনা।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক নানা অনুষ্ঠানে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ