‘লাগান’-এর দুই দশক পর ফের আমির খান-গোয়রিকর জুটি
‘লাগান’-এর দুই দশক পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের আমির খান ও নির্মাতা আশুতোষ গোয়ারিকর। ক্রিকেটকে কেন্দ্র করে নতুন স্পোর্টস ড্রামা ‘ললকারা’য় প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির। সিনেমাটিতে ৬১ বছর বয়সী এই অভিনেতাকে দেখা যাবে ২৫ বছর বয়সী এক তরুণের ভূমিকায়।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চরিত্রের বয়স ও শারীরিক গড়নের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন আমির। তরুণ চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরতে কঠোর খাদ্যাভ্যাস অনুসরণ এবং ওজন কমানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে আমিরের আগের নজিরগুলোর কারণে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।
‘ললকারা’র গল্পের পটভূমিতে রয়েছে ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ। দুই দেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায়কে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজানো হচ্ছে। ফলে ‘লাগান’-এর পর আবারও ক্রিকেটনির্ভর গল্পে আমির ও গোয়ারিকরের একসঙ্গে ফেরাকে বিশেষভাবে দেখছেন বলিউডপ্রেমীরা।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘লাগান’ ব্রিটিশ শাসনামলের প্রেক্ষাপটে ক্রিকেটকে গল্পের কেন্দ্রে রেখে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। এরপর চরিত্রের প্রয়োজনে ‘গজনি’ ও ‘দঙ্গল’-এ আমিরের শারীরিক রূপান্তরও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার ‘ললকারা’র জন্য তাঁর নতুন রূপান্তর কেমন হয়, সেটিই দেখার অপেক্ষা।
এদিকে ‘ললকারা’য় ফারহান আখতার অভিনয় করছেন বলে কিছুদিন ধরে বলিউডে গুঞ্জন ছিল। তবে সেই খবর নাকচ করেছেন ফারহান নিজেই। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি কখনো আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন না। তাই প্রকল্পটি ছেড়ে দেওয়ার প্রশ্নও ওঠে না।
তবে অভিনয় না করলেও ‘ললকারা’র সঙ্গে থাকছেন ফারহান। রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। ছবির অন্য অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এবং মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
মতামত দিন