একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন: নাহিদ ইসলাম
আমাদেরকে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৪ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানসহ সকল লড়াইয়ের আকাঙ্খাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করব। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতিয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছরে নানা জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়।’
জানা গেছে, দলের পক্ষ থেকে প্রথম কর্মসূচি হিসেবে আজ সকাল ৭টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে