এক চিঠিতেই স্বপ্নপূরণ, ক্ষুদে শিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বাবা-মাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে একটি হারমোনিয়ামও পায় অনুশ্রী।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে অনুশ্রীর অনুরোধে একটি হারমোনিয়াম তার হাতে তুলে দেন। এ সময় ক্ষুদে শিল্পী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান শোনালে তিনি তার প্রতিভার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগীতচর্চা অব্যাহত রাখতে উৎসাহ দেন।
অনুশ্রীর এই স্বপ্নযাত্রার শুরু গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে। সেদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে সে সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা জানায় এবং একবার দেখা করার ইচ্ছাও প্রকাশ করে। পরে সেই চিঠি প্রধানমন্ত্রীর নজরে এলে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত অনুশ্রী জানায়, সে কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রী পড়বেন কিংবা দেখা করার জন্য ডাকবেন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি বলেই চিঠিতে নিজের ইচ্ছার কথা লিখেছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিক সাড়া পাওয়া তার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
অনুশ্রীর বাবা বলেন, মেয়ের স্বপ্ন পূরণ হওয়ায় পুরো পরিবার আনন্দিত। তিনি জানান, মেয়েকে সবসময় প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক উদ্যোগের কথা বলতেন। সেখান থেকেই অনুশ্রীর মনে বিশ্বাস জন্মেছিল যে, চিঠি লিখলে হয়তো সাড়া মিলতে পারে। সেই বিশ্বাসই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে।
এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি তুলে ধরেন এবং এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন।
মতামত দিন