Views Bangladesh Logo

একটি মহল ষড়যন্ত্র করছে, সবাইকে সজাগ থাকতে হবে: মির্জা ফখরুল

একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সজাগ থাকতে বললেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়াকে উপজেলা ঘোষণা করায় এক জনাকীর্ণ গণসম্বর্ধনায় তিনি এ কথা বলেন। এই সম্বর্ধনার আয়োজন করে উপজেলা বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার প্রত্যেকটা নির্বাচনি প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তারই একটি হচ্ছে, ঠাকুরগাঁও জেলার রুহিয়া ও ভুল্লীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা। ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু এবং বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড নির্মাণের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনি প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিগত তিন মাসে আমরা ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭২ কোটি টাকার উন্নয়ন সহযোগিতা করেছি।’

তরুণদের মাদকাসক্তি প্রসঙ্গে এলজিআরডিমন্ত্রী বলেন, ‘তরুণরা, যুবকরা মাদকাসক্ত হচ্ছে, তাদের মাদকাসক্তি থেকে আমাদের রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের আগামী দিনের নেতৃত্ব দিতে হবে।’

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

সভায় আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ