একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, ফিরতেও পারেন: রুমিন ফারহানা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যেকোনো সময় দেশে ফিরতেও পারেন। দেশে ফেরার পর সরকারের করণীয় কী হবে, সেটি সরকারের বিষয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার অনুষ্ঠানটির আয়োজন করে।
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের সংবিধানে পরিষ্কার করে বলে দেওয়া আছে, কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারেন। এটা সংবিধানে পরিষ্কার করে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’
এর আগে গত ৬ জুলাইও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথা বলেছিলেন রুমিন ফারহানা। সেদিন তিনি বলেছিলেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই এবং দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
মতামত দিন