Views Bangladesh Logo

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়ছে, পাবেন এমপিওভুক্ত শিক্ষকরাও

নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি কর্মচারীদের জন্য বেতন-ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব নিয়ে কাজ চলছে। প্রস্তাবিত সুবিধাগুলোর আওতায় সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।

এ ছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো কার্যকর হওয়ার পর পৃথকভাবে তাদের জন্য এটি বাস্তবায়ন করা হবে।

প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ার পর এটি ভাতা কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও নবম জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি কর্মচারীদের সঙ্গে একই সময়ে নয়, কিছুটা পরে তাদের বেতন ও অন্যান্য সুবিধা কার্যকর করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুনির হোসেন বলেন, আগের রীতির ধারাবাহিকতায় প্রথমে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এরপর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য তা বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বাস্তবতায় বিদ্যমান টিফিন ভাতা যথেষ্ট নয়। তাই নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কিছুটা লাঘব করতে এ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—২০তম গ্রেডের কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা। পহেলা বৈশাখ উৎসব ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা। কর্মচারীদের সন্তানদের জন্য মাসিক ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালুর প্রস্তাব। প্রথমবারের মতো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা চালুর উদ্যোগ। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক অতিরিক্ত ২ হাজার টাকা বিশেষ শিশু পরিচর্যা ভাতা চালুর প্রস্তাব।

তবে এসব সুবিধা এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভা-সংক্রান্ত কমিটির অনুমোদন এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর নবম জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ