নবম পে স্কেলের খসড়া বিজি প্রেসে, শিগগিরই গেজেট
নবম জাতীয় পে স্কেলের খসড়া ইতোমধ্যে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য যাবে। এরপর সরকারি আদেশ বা এসআরও নম্বর দিয়ে নতুন পে স্কেল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবারই পে স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে এবং পরে আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হবে।
ওই কর্মকর্তা জানান, ভেটিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট প্রকাশ করতে চায় সরকার। গেজেট প্রকাশে কোনো ধরনের ইচ্ছাকৃত বিলম্ব করা হবে না। তবে সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে যে সময় প্রয়োজন, সেটুকু লাগছে।
এদিকে নতুন পে স্কেল কার্যকর করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের প্রস্তুতি চলছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে যে অতিরিক্ত ব্যয় হবে, তা কীভাবে মেটানো হবে, সে বিষয়েও পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট কাঠামো বা এমটিবিএফে আগেই বিবেচনায় রাখা হয়েছিল। ফলে নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় ব্যয় সরকারের জন্য আকস্মিক কোনো আর্থিক চাপ তৈরি করবে না।
তিনি বলেন, সরকার শুধু একটি অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব করেই বাজেট প্রণয়ন করে না। বরং কয়েক বছরের সম্ভাব্য রাজস্ব আয় ও ব্যয়ের একটি পূর্বাভাসও বাজেট পরিকল্পনায় রাখা হয়। নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে আগেই বিবেচনায় নেওয়া হয়েছিল।
মতামত দিন