শেষ হলো ৯ম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
৯ম বারের মতো শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই হ্যাকাথন চলে একটানা ৩৬ ঘন্টা ।
গত শনিবার ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি-এর উপাচার্য প্রফেসর তানভীর হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা জেমস গার্ডিনার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর আহ্বায়ক তানভীর হোসেন খান বলেন, “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এ এবার দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে। সেখান থেকে বাছাইকৃত ২১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি প্রকল্প নিয়ে আইইউবি-তে সরাসরি এবং বাকি ১৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী হ্যাকাথন। আমরা বিগত তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি এবং আমি বিশ্বাস করি এই গৌরবের ধারা অব্যহত থাকবে।“
এসময় বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা জেমস গার্ডিনার বলেন, “এটা অসাধারণ যে বিশ্বের অন্য কোনো দেশ তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি। আপনাদের নিজেদেরকে নিয়ে আপনাদের গর্ব করা উচিৎ। পরের বছর আবারো আপনাদের মধ্য থেকে চতুর্থ বারের মতো বিজয়ী দল দেখতে চাই । নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদের এই বিস্ময়কর সাফল্যের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই।“
এই ইভেন্টটি শুধুমাত্র আমাদের দেশের তরুণদের জন্যই নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ উৎকর্ষ সাধনের জন্যও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে আইইউবির উপাচার্য প্রফেসর তানভীর হাসান বলেন, “আমরা বর্তমানে একটি নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেখানে প্রযুক্তিগত অগ্রগতি, শিল্প এবং সমাজকে নতুন আকার দিচ্ছে। এটি সর্বোপরি আমাদের তরুণদের আগামী দিনের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হওয়ার জন্য উৎসাহিত করবে।“
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, “ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ- ২০২৩ একটি অসাধারণ প্ল্যাটফর্ম যা শুধুমাত্র উদ্ভাবনকে উৎসাহিত করে না বরং আমাদের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শেখার আগ্রহ জাগায়। এটি সৃজনশীল এবং স্বাধীন চিন্তা শক্তি প্রয়োগের উপযুক্ত স্থান। বেসিস টানা ৯ম বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করায় আমি তাদের প্রশংসা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই ধারাবাহিকতা আমাদের তরুণদেরকে উজ্জীবিত করবে এবং চতুর্থবার বিশ্বজয় করবে বলে আমি আশা করি।“
সমাপনী বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো উদ্যোগগুলো আমাদের শিক্ষাগত প্রচেষ্টাকে পরিপূরক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করে। যা তাদের আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী এবং উদ্ভাবক হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করে।“

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে