Views Bangladesh Logo

২৭তম বিসিএসে আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দীর্ঘ প্রায় দুই দশকের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর একই বিসিএসের নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে চাকরিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। নতুন করে আরও ৯৬ জনের নিয়োগের মাধ্যমে বহু বছর ধরে চলা আইনি জটিলতার আরেকটি অধ্যায়ের সমাপ্তি হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। ওই তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

তবে নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যেদিন থেকে নিয়োগ কার্যকর হয়েছিল, সেদিন থেকেই ভূতাপেক্ষিকভাবে এ নিয়োগ কার্যকর হবে। ফলে তারা ধারণাগত জ্যেষ্ঠতা বজায় রাখবেন, যদিও কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০০৭ সালের ২১ জানুয়ারি, তখন দেশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–নেতৃত্বাধীন সরকার। ওই ফলাফলে ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন।

কিন্তু একই বছরের ৩০ জুন জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তৎকালীন সেনাসমর্থিত সরকার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। পরে উত্তীর্ণ প্রার্থীরা এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত বহাল রাখেন।

এরপর ২০০৭ সালের ২৯ জুলাই দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং পরে তাদের নিয়োগ দেওয়া হয়।

কিন্তু প্রথম পরীক্ষায় উত্তীর্ণরা দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে চ্যালেঞ্জ করে পুনরায় আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ১১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। পরে নিয়োগবঞ্চিত প্রার্থীরা রিভিউ আবেদন করেন। গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগ রিভিউ আবেদন শুনানির জন্য গ্রহণ করেন। এর ফলে নিয়োগবঞ্চিতদের আইনি লড়াই নতুন গতি পায়।

সবশেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ রায়ে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি পুনর্বহালের নির্দেশ দেন। পরে পূর্ণাঙ্গ রায়ে সরকারকে দ্রুত সেই নির্দেশনা বাস্তবায়নের কথাও বলা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ