আদানির ৯২৫ মেগাওয়াট যুক্ত হলো জাতীয় গ্রিডে, কমবে লোডশেডিং
দেশের বিদ্যুৎ সংকটে স্বস্তির খবর নিয়ে এলো ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে আদানির দ্বিতীয় ইউনিট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। এতে দেশব্যাপী চলমান লোডশেডিং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আদানির দ্বিতীয় ইউনিটটি সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রানাইজেশন) করা হয়। বর্তমানে সেখান থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে।
বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে।
বিপিডিবির কর্মকর্তারা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এসএস পাওয়ার প্ল্যান্ট এবং আরএনপিএল (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের নরিনকোর যৌথ উদ্যোগ) থেকে ৬০০ মেগাওয়াট করে মোট এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে।
বিপিডিবির তথ্যমতে, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রেকর্ড করা হয়েছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেই সময়ে আদানির নতুন এই সরবরাহ ছাড়াই দেশের সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে