সাহসিকতা ও সেবায় অবদানের জন্য ৯২ জন পেলেন পুলিশ পদক
সাহসিকতা, দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারটি শ্রেণিতে ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
পদকপ্রাপ্তদের মধ্যে সাহস ও বীরত্ব প্রদর্শন, জনসেবায় অনন্য ভূমিকা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুলিশ সদস্যদের দেওয়া পদকের চারটি শ্রেণি হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।
সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রতিবছর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের এসব পদক দেওয়া হয়।
মতামত দিন