Views Bangladesh Logo

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় ঢাকা মহানগরীসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোতায়েনের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি রাখবেন তারা।

একই সঙ্গে সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্বও পালন করবেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বাহিনীটি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ