Views Bangladesh Logo

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৯০

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৯০ জন নিহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) গাজার জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিক হানিন আলি আল-কাশতানও রয়েছেন।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, গাজা সীমান্তের কাছে হামাসের বড় সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, সুড়ঙ্গটি চার কিলোমিটারেরও বেশি প্রসারিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার আল-শিফা হাসপাতালের পরিস্থিতিকে সম্পূর্ণ ভীতিকর দৃশ্য হিসেবে বর্ণনা করেছে। আর কামাল আদওয়ান হাসপাতালের ধ্বংসকে ভয়াবহ বলে অভিহিত করেছে। আল জাজিরা বলছে, ক্ষুধার্ত ফিলিস্তিনিরা দক্ষিণ গাজার রাফাহ শহরে পানি এবং খাবারের জন্য ত্রাণের ট্রাক লুট করছে।

গত ৭ অক্টোবর গাজার সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালায়। এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় গাজার প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ