Views Bangladesh Logo

মিয়ানমারে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়ানমারের বেসামরিক মানুষদের ওপর হামলা বন্ধে এবং প্রেসিডেন্টসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে দেশটির জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯ সদস্যদেশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমার পরিস্থিতি নিয়ে কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকের আগে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

আহ্বান জানানো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর ও মালটা। নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্যদেশ রয়েছে। তবে জান্তা সরকারের প্রতি আহ্বান জানানো থেকে বিরত থাকে স্থায়ী সদস্য রাশিয়া ও চীন।

৯ দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলাসহ চলমান সংঘাতে বেসামরিক মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। নিরাপত্তা পরিষদের ২৬৬৯ রেজল্যুশন অনুযায়ী, আমরা সব ধরনের সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি।’

এতে আরও বলা হয়, ‘মিয়ানমারে নির্বিচারে বন্দি করা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই বন্দিদের মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউ উইন মিয়ন্ত সুয়ে ও স্টেট কাউন্সিলর অং সান সু চি।’

এদিকে বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে এই যৌথ বিবৃতি জারি করার জন্য সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও। সেইসঙ্গে নিরাপত্তা পরিষদের ২৬৬৯ রেজল্যুশন অনুসরণ করার জন্য সদস্য দেশগুলোকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। এর পর থেকে দেশটিতে ৪ হাজার ৪০০ জনের বেশি বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। আর ২৫ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ৭৮ হাজারের বেশি বেসামরিক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত হয়েছেন ২৬ লাখ মানুষ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ