গাজীপুরের কোনাবাড়ীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯ দোকান
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে হকার্স মার্কেটে আগুনে ৯টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মহানগরের হকার্স মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও আটটি দোকানে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন–আব্বাস, সেন্টু মিয়া, সাইদ, রুবেল মিয়া, বাসেত মিয়া এবং নুরুল ইসলাম।
ফায়ার সার্ভিস জানায়, আগুন ছড়িয়ে পড়লে প্রথমে দোকান মালিকরা এবং স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। তারা নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সাইফুল ইসলাম জানান, আগুনে মার্কেটের দোকানি আব্বাসের দুটি, সেন্টু মিয়ার দুটি, সাইদের দুটি, রুবেল মিয়ার একটি, বাসেত মিয়ার একটি এবং নুরুল ইসলামের একটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে