ভাঙারির দোকানে মিলল আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়ে যাওয়া বিভিন্ন মামলার ৯ বস্তা নথি (কেস ডকেট) একটা ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক চা দোকানিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানা এলাকার একটি ভাঙারির দোকান থেকে এসব নথি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রাসেল নামে আদালত এলাকার এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) মাত্র ১৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর এসব নথি একটি ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন চা বিক্রেতা রাসেল। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে গ্রেপ্তারের পরই এসব নথির সন্ধান মেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো উদ্ধারে গত তিন দিন ধরে আমরা কাজ করছিলাম। ওই নথিগুলো রাসেল নামে এক চা দোকানি চুরি করেছিল। তিনি আদালত চত্বরেই চা বিক্রি করেন। চুরির পরে তিনি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেন।’
তিনি বলেন, এ ঘটনায় জড়িত চা বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে