পুলিশের ৯ কর্মকর্তা বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নতুন পদে/স্থানে বদলি করা হলো।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে এপিবিএন এবং একই ইউনিটের আরেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমৃত সূত্রধরকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
পাশাপাশি র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. দ্বীন-ই-আলকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দেবেন। অন্যথায় ১৬ জুন থেকে তাঁরা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে