হামের ৯০ লাখ ডোজ টিকা সংগ্রহ, টিকাদান শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রী
সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আগামী রোববার থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী রোববার থেকে আমরা একটি ইমারজেন্সি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করছি। এ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য মাঠ পর্যায়ের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে। কোনো ছুটি থাকবে না।
তিনি আরও জানান, টিকাদান কার্যক্রমে নিয়োজিত কর্মীরা স্থানীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠে কাজ করবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের জন্য ৯০ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে যেসব উপজেলায় সংক্রমণ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাঠানো হবে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হামের রোগী শনাক্ত হয়। পরে ১০ জানুয়ারি ওই এলাকায় সতর্কতা জারি করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন বস্তি এলাকায়ও সংক্রমণ বাড়তে থাকে।
গত মাসের শেষ দিকে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি, যাদের বড় অংশই হামের আক্রান্ত শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ভাইরাসজনিত এই রোগে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। রাজশাহী, ময়মনসিংহসহ কয়েকটি জেলায় শিশুমৃত্যুর ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে