মেহেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯
ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা এবং গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
গাংনী উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকাতেও বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে শাহাবুদ্দিন নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত।
ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির কেন্দ্র পরিদর্শন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে