Views Bangladesh Logo

নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৯

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নগর ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিও রয়েছেন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনার দাবি করেছেন স্থানীয়রা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে বিএনপি কর্মীরা মারধর করেন। এ ঘটনার মীমাংসায় শনিবার সকালে ধানাইদহ বাজারে সালিশ বৈঠকের কথা ছিল। সকাল ১০টার দিকে সালিশে যাওয়ার পথে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিএনপি কর্মীরা সোবাহান হোসেন, রায়হান ও ইব্রাহিমসহ কয়েকজন জামায়াত কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসিনুর রহমান, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল সৈয়দ, সাইদুল, মনির, শাকিব, সাব্বির, নাজমা খাতুন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব সরকার। গুরুতর আহত হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার জন্য বিএনপি কর্মীদের দায়ী করে নাটোর–৪ আসনে জামায়াতের সাবেক প্রার্থী মাওলানা আব্দুল হাকিম জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বলেন, হামলায় জড়িতরা বিএনপির কেউ নয়; এটি রাজনৈতিক নয়, সামাজিক বা পারিবারিক বিরোধের জের।

সংঘর্ষের খবর পেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন এবং পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে যাওয়ার পথে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ