দিল্লিতে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ৯
ভারতের রাজধানী দিল্লির পালাম এলাকার একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মেয়ে শিশু রয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার ভোরে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর দগ্ধ ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা তিন শিশুসহ ছয়জনকে মৃত ঘোষণা করেন।
পরে অন্য হাসপাতালে ভর্তি দগ্ধদের মধ্যে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
স্থানীয়রা জানান, আগুন থেকে বাঁচতে আতঙ্কিত হয়ে দুই ব্যক্তি ভবন থেকে ঝাঁপ দেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ৩০টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পাঁচতলা ভবনের ছাদে একটি টিনের শেড ছিল। বেসমেন্ট, নিচতলা ও প্রথম তলায় কাপড় ও প্রসাধনীর গুদাম ছিল। দ্বিতীয় ও তৃতীয় তলায় বসবাস করতেন বাসিন্দারা।
ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে