Views Bangladesh Logo

রামেক হাসপাতালে তিন মাসে ৮৭১ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত তিন মাসে ৮৭১ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন অন্তত ১০ শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২ জন শিশু।

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতালটিতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১২ হাজার ৫১৪ শিশু ভর্তি হয়। এর মধ্যে জানুয়ারিতে ২৭৬ জন, ফেব্রুয়ারিতে ২৯১ জন এবং মার্চে ৩০৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের মতে, বেশিরভাগ মৃত্যুর কারণ শ্বাসকষ্ট ও নিউমোনিয়া। তবে অনেক শিশুর মধ্যে হামের উপসর্গও দেখা গেছে। চিকিৎসা শেষে অনেককে আইসিইউতে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

এক শিশুর অভিভাবক বলেন, অনেক শিশুই হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল এবং চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আরেক অভিভাবক চিকিৎসা ব্যবস্থার ধীরগতির অভিযোগ করেন।

রোগতত্ত্ববিদদের মতে, হামের উপসর্গ থাকলেও মৃত্যুর পেছনে মূল কারণ হতে পারে অন্য ভাইরাস সংক্রমণ। তবে নির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

রামেক হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান মো. মিজানুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে পড়ায় নিউমোনিয়া জটিল আকার নিচ্ছে, যা মৃত্যুর অন্যতম কারণ। তার মতে, প্রাথমিকভাবে হাম থাকলেও মৃত্যুর কারণ হয় নিউমোনিয়া।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিশুর হামের উপসর্গ ছিল তাদের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই হামের জীবাণু শনাক্ত হয়নি বলে জানিয়েছেন রামেকের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাচ্ছেন এবং সেখান থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত জানানো হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পুরো ঘটনায় এখন পর্যন্ত ৬৬টি মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালটিতে ৮টি বিভাগের প্রধানদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ